ক বি শু ভ শ্রী রা য়
শুভশ্রী রায়
জন্ম:১২ জানুয়ারি, ১৯৭১, কলকাতা।১৫/১৬ বছর বয়স থেকে নিয়মিত লেখালিখি,
প্রকাশিত বইয়ের সংখ্যা দুই: অলক্ষ্মী'র পাঁচালি, মানুষ ভাঙে না ।
দুটি কবিতায়
কবি শুভশ্রী রায়
অসংগঠিত একা
ভক্তিপথ অসংগঠিত
কোন ব্যাখ্যাতীত সুদূরে মিশে যায়,
পেছন পেছন হেঁটে কূলপতিরা
উপাসনার প্রতিষ্ঠান গড়ে ফেলে
সঙ্গে বিধান মেনে জীবনচর্যার ঘটা
আগে ও পরে জীবন তবু নীলকণ্ঠ!
তারই মধ্যে হইহই করে উৎসব এসে পড়ে
সবাই কিছু একটু অন্য রকম চেয়েও
না পেয়ে, আসছে বছরের দিকে তাকায়।
ভীড় হয়, জনতার জটিল বুননে
আনন্দের তুঙ্গবিন্দু ছুঁতে চায় প্রতিটি মানুষ
অনেক হৃদয় শরীর থেকে হারিয়ে যায়
কিন্তু উপাস্য কখনো হারায় না,
তাকে কেন্দ্র করে বিভ্রান্তির ভীড়
জনজোয়ারে একেবারে অপ্রাসঙ্গিক সেই
বরঞ্চ স্বেচ্ছাসেবকের ব্যাজ মানে আস্থা;
ধুমধাম পার্বণে মানুষ ঈশ্বর ছাড়া সব কিছু খোঁজে।
দ্বিধায় রেখো
আমাকে দ্বিধায় রেখো চিরকাল
আগাগোড়া কিছু প্রশ্ন ছুঁইয়ে রেখো
আমার জীবনের সঙ্গে গাঢ় করে,
অনেক কিছুই যেন বুঝতে না পারি;
সব জেনে নিলে, সব দ্বিধা মরে গেলে
বাঁচা এক সৃজনহীন সন্তুষ্টির মধ্যে
মৃত্যুুশীতলতার কাছাকাছি, কেন না
সমস্ত সৃষ্টিই আসে অসম্পূর্ণতা থেকে
সম্পূর্ণতার দিকে অবিরত যাত্রার পথে,
প্রশ্নের উত্তর খুঁজতেই খুঁজতেই মানুষ
সৃষ্টি করে ফেলে; জিজ্ঞাসাহীন সন্তুষ্টি
সুখের উদ্গার, সৃজনের মৃত্যু ছাড়া কিছু নয়।


Comments
Post a Comment