ক বি সু স্না ত জা না
সুস্নাত জানা
জন্ম:-১ফেব্রুয়ারি, ১৯৬৩ পূর্ব মেদিনীপুরের বরগোদা গ্ৰামে। গ্ৰামের স্কুল, তমলুক কলেজ পেরিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর।ইউ. জি. সি. ফেলোশিপ নিয়ে য়েটস্ ও ব্রাউনিং এর অনুষঙ্গ সহযোগে রবীন্দ্রনাথের প্রেমের কবিতা বিষয়ে পিএইচ.ডি.। তমলুক থানার বিভাষা নিয়ে পোস্ট ডক্টোরাল। কবিতা, উপন্যাস, গদ্য মিলিয়ে প্রকাশিত গ্ৰন্থের সংখ্যা ৩৬টি।আসন্ন প্রকাশ শ্রেষ্ঠ কবিতা। একাধিক প্রথম শ্রেণির দৈনিকে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে প্রবন্ধ নিবন্ধ প্রকাশিত হয়েছে। কিছু কাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য বাংলা বিভাগে পাঠদান। এখন মেদিনীপুর কলেজ ও মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা। সম্পাদিত পত্রিকা সূর্যদেশ। আন্তর্জাতিক রূপসী বাংলা পুরস্কার, পি. ও. বোডিং সম্মান প্রভৃতি সম্মাননা পেয়েছেন।
দুটি কবিতায়
কবি সুস্নাত জানা
মানবী
স্বর্গীয় ভাস্কর্য যেন শুয়ে আছে খাড়ির উপরে
মাঝে মাঝে ঢেউ এসে ছুঁয়ে যায় চরণযুগল
সে যে আলোকিত চন্দ্রমার মুখচুম্বন করে
চন্দ্রকিরণ। আর স্তব্ধের নীলিমা জুড়ে রব উঠে
গগৈ স্রোতের বেগে ঘুর্ণির অসীম বৃত্তে নেচে
ফের পাকে পাকে তোমারই অনন্ত যাওয়া আসা
এক নারীর সৌন্দর্য যেন শুয়ে আছে পাথর শরীরে
ভাস্কর নিপুণ ছানি মেরে গড়ে তুলে একনাথ দেহ
একাকি মনের সঙ্গে এই কথা অন্তহীন বয়ে চলে
অনন্তের পথে, পাথর ও বালির যুগ্মে মিথুন মূর্তি
মহাকাল মন্দিরের দ্বারে প্রহরায় রাত্রিদিন, শুধু
ভক্তের আকুল আর্তি আকাশ জুড়ে জাগায় আরাব।
বিরহ
আমিও অনেক দিন তোমাকে বলিনি কিছু
তুমিও আমার কাছে রাখনি পরিচয়
হারালো অবিরোধে অথবা অনাদরে
সেতুর মতো ছিল যা কিছু সঞ্চয়।
এই তো ভালো বেশ আমারো নেই দাবি
সেলফে জমে ধুলো বইয়ের কোণে কোণে
তুমিও সঙ্গীকে নিয়েই আছো বেশ
বিগত বন্ধুর তালিকা বাড়ে দিন
আহত বেদনার পরছে জমে ব্যথা
তারের কান্নায় মরচে ধরা প্রেম
ঠিকানা ভুল করে প্রেমিক চলে গেছে
অজানা সংকেতে রয়েছি একা বেশ।


Comments
Post a Comment