ক বি র মে শ পা ত্র


রমেশ পাত্র

দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত উত্তর শিবপুর গ্রামে ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারী জন্মগ্রহন করেন। মন্মথনাথ ও কবিতার দ্বিতীয় সন্তান রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে সাম্মানিক স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।২০২২ সালে তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ“নদী ও বৈষ্ণবী"। গতানুগতিক ছক থেকে বেরিয়ে এসে অভিনব এক কাব্যভাষা তাঁর কবিতা সমকাল চিনিয়ে দেয়।বাংলা কবিতায় তাঁর স্বকীয়তা অনুভবের পূর্ণমূর্তি পাঠককে দিতে সক্ষম। কবিতার জন্য ২০২১ সালে পেয়েছেন ALL BENGAL REPORTER’S CLUB প্রদত্ত “নবনীতা দেবসেন" স্মৃতি পুরষ্কার।


দুটি কবিতায়

কবি রমেশ পাত্র





পাললিক পাতার অক্ষর 

  

এতদিন যা বলতে চেয়েছি আমি

তা কতটা পারি

অনুত্তীর্ণ কবিতা যেমন সময়ে হারায় 

না পাওয়া যন্ত্রণা নিয়ে কিছু অভিমান

শব্দে অক্ষরে মিলে মিশে সংসার

আমি কিছুই পারিনা


যে ছবি সরে সরে যায় অদৃশ্য গোপন 

তার অনন্য আকাশে প্রেমিকের দাবি

অন্ধকার তারার পিঠে রেখে দিই বর্ণমালা 

তুমি কি বুঝবে তখন পাশে থাকা ঘুম 

রক্ত বুকে জেগে আছে অনেক পৃথিবী

প্রথম সূর্য দেখে 

আলোর অরণ্যে যখন আনন্দ উৎসব 

আমি দু-হাত বাড়িয়ে এক পাললিক পাতা 

খুঁজি অক্ষরে অক্ষরে তোমার অভিসার


আলোর প্রপাত


সূর্যের দেশে আকাঙ্খার বাগান 

আমরা ভ্রমর কিংবা প্রজাপতি

উড়ে উড়ে সমুদ্রে হিমাচলে দেখি

হারানো জন্মের যোগ চিহ্ন

সহাস্য তুমি,প্রমাণ চেয়েছ আমার

গলায় উত্তরীয় কিংবা দু'হাতে গর্বিত 

কোন অস্ত্র ছিল কিনা

কিছু সময় চুপ তারপর 

গোপন ভেঙে বের করি অনার্য ধুলো 

পথ পেরিয়ে যে আকাশ আদরে

মিশে আছে আলপথ রাঙা করে 

সেখানে আমার মন্ত্র ও পূজা পাঠ

নিরবচ্ছিন্ন পুড়ে যাওয়া পাতার সবুজ 

ছাইয়ের ভেতর খোঁজে আলোর প্রপাত

Comments

Popular posts from this blog

ক বি প বি ত্র ম ন্ড ল

ক বি লি পি চৌ ধু রী