ক বি প বি ত্র ম ন্ড ল
পবিত্র মন্ডল
জন্ম:- বনগাঁ মহকুমার গোপালনগরে ১৯৫৮ সালে। বনগাঁ কলেজ থেকে ১৯৮০ সালে ইংরেজীতে সাম্মানিক স্নাতক ও ১৯৮২ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৮০তে কোলকাতা ট্যাংরা পোষ্টাফিসে পিওনের চাকরি, ১৯৮৪তে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলে শিক্ষকতা । ১৯৮৯ সালে বিসিএস পাশ করে মুর্শিদাবাদে বিডিও, নানান জেলায় ও পরে কোলকাতায় বিভিন্ন পদে কাজ করে ২০১৮ সালে পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিশেষ সচিব পদে অবসর নেন। বর্তমানে ল্যান্ড ট্রাইব্যুনালে বিচারকের পদে নিযুক্ত ।
প্রকাশিত গ্রন্থ:–
কাব্যগ্রন্থঃজলে মৃদঙ্গে বাজে ঝড় (যুগ্ম সঙ্কলন),স্বপ্ন খনন, দেহলগ্ন,উৎক্ষিপ্ত ডানা,উজ্জ্বল আকাঙ্খা,শুধু কবিতার জন্য, Dream and Fire, (ইংরেজী ,যুগ্ম সংকলন),স্বপ্নের ভার(ছোট গল্প সংকলন),উজ্জ্বল আকাঙ্ক্ষা,শুধু কবিতার জন্য।
দুটি কবিতায়
কবি পবিত্র মন্ডল
খুঁজে ফেরা
একদিন জীবন বড় রঙচটা লাগে -
সেদিন বাতাসের ঠোঁটে শিস বাজে না,
উড়ন্ত শালিকের ডানায় দাগ কাটে না,
আকাশে মেঘের আলপনা আঁকে না…
অথচ সেদিনও সবই ছিল মনের মতন :
শুধু বদ্ধতায় ঢেকে ছিল চোখ অন্ধকারে!
দেখিনি রোদের রেণু ছড়ালো কেমন,
আলোর পথে কারা হেঁটেছে দৃপ্ত ভূমিকায়,
মনে হল অর্থহীন এই বেঁচে থাকা!
কষ্ট জেগেছে তবু,ছেড়ে যেতে হবে এই ঘর,
প্রিয় মুখ মায়াময় বুকের গভীরে অনুপম…
পুলকিত রোমাঞ্চিত আকাঙ্ক্ষার শেষ,
অপেক্ষার রেশ,হৃদয়ে মোহ জাগে!
খুঁজে ফেরা যে কথা ফুটেছে স্পন্দনে,
বন্ধনে,ছোঁয়ায়,উত্থিত অক্ষর মালায়!
নিজের সাথে
শিরিষের পাতায় বিরাম চিহ্ন,
ঝুঁকে পড়া ছায়া,এইখানে দাঁড়াও যদি!
আলো ঢেলে আছে প্রান্তরজুড়ে,
কাশের বনে ঢেউ,শুভ্রতার আখ্যান!
শিউলির সৌগন্ধ আশ্বিনের হাওয়ায়
দিগন্ত ছুঁয়ে নৈঃশব্দ্যের অনুলিখন!
সারসজুটি উড়ে চলেছে স্বপ্ন এঁকে
আকাশের নীল উচ্চকিত চঞ্চল ডানায়!
এইখানে সুন্দরের পাশে নিরালায়,
এসো,নিজের সাথে বসি কিছুক্ষণ!


অপূর্ব কবিতাদুটি।কবিকে জানাই অন্তহীন শুভকামনা।নৌবত পত্রিকাটির সাফল্য কামনা করি।🙏
ReplyDelete