ক বি ব না নী চ ক্র ব র্তী
বনানী চক্রবর্তী
জন্ম:-২৮ নভেম্বর ১৯৭০। বসিরহাট।নব্বইয়ের দশক থেকে কবিতা লেখালিখি জোর কদমে চললেও প্রথম কবিতার বই অনেক পরে প্রকাশিত।প্রকাশিত কাব্যগ্রন্থ:-ছিন্ন খঞ্জনার মতো (২০১৭),ক্রমাগত চরকার ঘ্রাণ(২০১৯),সংক্রমিত মেহগনি গাছ (২০১৯),বৃষ্টি সময় অন্তরে (২০২২)
পুরস্কার:-১) D.P.S.C সাহিত্য সম্মান ২০১৮, ফলতা দক্ষিণ চব্বিশ পরগণা ২)কুসুমকুমারী দেবী স্মৃতি পুরস্কার ২০২২,বাংলার মুখ,ফতেপুর, ফলতা, দক্ষিণ চব্বিশ পরগণা।
দুটি কবিতায়
কবি বনানী চক্রবর্তী
শূন্যমুঠি
কত যে পাওয়া, পেয়ে হারানোর ব্যথা এইখানে রয়েছে গোঁসাই...সবই যে তোমায় দেওয়া, ভেবে ভেবে অজানিতে শূন্যমুঠি পথের কানায় বসে থাকি... খড়িফোটা গায়ে লেখে ইতিহাস খুঁড়ে তোলা শিলালিপি কোনো, কিছু অপঠিত বুঝি রয়েছে এখনো... পয়প্রণালী আধার আধেয় এমনকি সুরাপাত্র, সবই তো বোঝার অনুমানে... তুমিও বুঝেছ যেমন...বহু হাত ব্যবহৃত নিলামে চড়েছে শরীর... এ যেন গরীব হাটের বেচা পুরোনো কাপড়খানা,কতগুলো ছ্যাঁদা,আর মগ্ন বেরঙিন...কি কাজে লাগবে বলো আর... যন্ত্র মোছার কালি, সারাগায়ে কলঙ্ক রটায় যদি, ওভাবে চেয়োনা গোঁসাই... বুকের হাড়ের ক্ষয় নাহয় নাইবা দেখালাম...
কাটা দাগ
এখনো যে আমার হাতের রেখার মাঝখানে দীর্ঘ এক কাটা দাগ রয়ে গেছে... কিজানি কোথায় বৃহস্পতি শুক্রের খেলা যুগপৎ... পর্বত প্রমাণ ভুল... ঝর্ণার শুকনো জলের ধারা বর্ষার এ ভাঙা দুপুরে...আমি যে জানিনা তোমার কোথায় আমি... ঝরে পড়া ফল,বীজের আঘাত, ডেবে যাওয়া মাটি,নাকি শুধুই এখন ছেঁড়া গামছার এক কোন...কি আমি জানার আগে কতবার ভুল বুঝে ঠিক বুঝে দুপায়ে গলাই চটি,খুচরো পয়সা নিই...ঘন কুয়াশায় মিলিয়ে যাওয়ার পরেও পিছন ফিরেও চাই...যা বলার বলা হয়ে গেছে, বুঝিয়ে দেওয়া হলো রোড ম্যাপ... চিরকাল ভূগোলে গোলের মত,দিক ভুলে উল্টো পথেই নাকি হাঁটবো আবার...একবার চোখ বুজে ফেলি, যদি কোনোভাবে সবকিছু স্বভাবসম্মত হয়, ডান বাম সমান সমান...


Comments
Post a Comment