ক বি দে ব ব্র ত চ ট্টো পা ধ্যা য়
দেবব্রত চট্টোপাধ্যায়
জন্ম:- ৪ জুলাই,১৯৫৯। স্কুলের শিক্ষা রেলওয়ে বয়েজ হায়ার সেকেন্ডারি থেকে। মেদিনীপুর কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ( কলকাতা বিশ্ববিদ্যালয়।পেশা-খড়্গপুর রেলওয়ে ডিভিশনাল অ্যাকাউন্টস অফিস থেকে অবসরপ্রাপ্ত অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট।
প্রকাশিত কাব্যগ্রন্থ –মহীনের ঘোড়াগুলি (১৯৯৩ ),সুবর্ণ জনপদ( ১৯৯৬ ),ঘুমশহরের দিনলিপি(১৯৯৭ ),রুমালের বাঘ (২০০১),আতসবাজির অহ্নংকার (২০০৫ ), বৃষ্টিভেজা স্বপ্ন(২০১২),বৌদ্ধমঠে এক ঋষিকন্যা( ২০১৭), অমলতাস ও অন্যান্য বন্ধুরা(২০২১)।
প্রকাশিত অন্যান্য গ্রন্থ –জলতরঙ্গ(২০০৫ ,ছড়ার বই), আজ শুধু লিমেরিক(লিমেরিক,২০২০), নিজস্ব জানালা (গদ্যগ্রন্থ) (২০২১ ),মিউজিক্যাল চেয়ার(গল্পগ্রন্থ , ২০২১)।
যেসব উল্লেখযোগ্য নির্বাচিত কবিতা সংকলনে কবির কবিতা প্রকাশিত হয়েছে –
নির্বাচিত সাহিত্য ( আসাম ),কবিতা পাক্ষিক ‘নয়ের দশকের কবিদের নির্বাচিত কবিতা’ দগ্ধদিনের কৃষ্ণচূড়া’বাংলার বাছাই কবিতা, প্লাবনকালের কবিতা,তিন শতাব্দীর বাংলা কবিতা, নির্বাচিত প্রেমের কবিতা,একশো কবির প্রেমের কবিতা ইত্যাদি।
উল্লেখযোগ্য সম্মান –
‘গঙ্গাধর গাঁতাইত সাহিত্য সম্মান ২০১৯(বালিভূমি, বালিচক),‘বিদ্যাসাগর মেলা-২০১৫’ বিশিষ্ট কবি সম্মান, বীরসিংহ , ঘাটাল, যুব কল্যান দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার।
দুটি কবিতায়
কবি দেবব্রত চট্টোপাধ্যায়
লাঞ্ছিত বসুধা
অন্ত্যেষ্টি ক্রিয়া শেষ হয়ে গেলে
শ্মশানে পড়ে থাকে শুধু বেদনার ছাই
অভিমানে ভারি হয়ে ওঠে
প্রিয়জনের স্বজন হারানো বিষন্ন মুখ।
কিন্তু যখন অন্ত্যেষ্টি ক্রিয়ার শেষে
উল্লাসে ছড়িয়ে পড়ে জিঘাংসার হাসি
বাতাস ভারি হয়ে যায় বারুদের গন্ধে
তখন অসহায় সভ্যতার কাছে
ভেসে ওঠে জিজ্ঞাসা মাখা যন্ত্রণা কাতর মুখ
আর সভ্যতার এই অসহায়তার সামনে
নতজানু হয়ে কান্নায় ভেঙে পড়ে লাঞ্ছিত বসুধা।
মোরগ লড়াই
দু’টি মোরগ আজ রণক্ষেত্রে অবতীর্ণ
পায়ে বাঁধা শাণিত ইস্পাতের ফলা
আর ঘাড়ের ফুলে ওঠা পালক
জানিয়ে দিচ্ছে অনিবার্য যুদ্ধ আসন্ন
মোরগের মালিকেরা বুঝে নিচ্ছে যুদ্ধের শর্তাবলী।
যুদ্ধের কিছু পরেই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে
একটি মোরগ, পড়ে থাকবে শুধু তার রক্তাক্ত শরীর…
বিজয়ী মালিক তার মৃতদেহ নিয়ে মেতে উঠবে
আসন্ন ভোজন ও রসনার উল্লাসে।
মোরগ দু’টি কিন্তু জানে না কীসের জন্যে
এবং কেন এই প্রাণঘাতী ভীষণ যুদ্ধে তারা অবতীর্ণ !


Comments
Post a Comment