ক বি প্র শা ন্ত চ ক্র ব র্তী
প্রশান্ত চক্রবর্তী
জন্ম:-১৩ সেপ্টেম্বর, ১৯৫৩।
১৪এ শ্যামসুন্দর পল্লী সেকেন্ড লেন ।শকুন্তলা পার্ক,সরশুনা , কলকাতা :৭০০০৬১
অবসরপ্রাপ্ত বি,এস,এন,এল কর্মী ।গত শতকের সত্তর দশক থেকে নিয়মিত লেখালিখির শুরু।
কবিতা প্রবন্ধ ও গল্প লেখার বিষয়আশয়।এ ছাড়া নিবিড় কবিতাপাঠ ।প্রকাশিত গ্রন্থ : তিনটি কবিতার বই ।
দুটি কবিতায়
কবি প্রশান্ত চক্রবর্তী
শোকগান
আমাদের শোকগাথা পড়া শেষ হলো ।
আগুনের কথা ছিলো ,জলেরও কথা ।
সমবেত পাঠের শেষে স্তব্ধতা মেঘ হয়ে এলো যেহেতু, মৃত্যুর বিষয়ে আমরা কিছুই জানি না ।
অনুপস্থিতির নিজস্ব আলোক আছে ।
চকিতে বিহ্বল হয়, পাকা ফসলের গন্ধ আনে গোপনে গোপনে , হৃদয়ে ছড়ায় ।
বৃক্ষের স্বভাব নিয়ে নিবিড় মমতা
জ্বেলে দেয় মর্মলোক , শান্ত আলো।
ভাঙা সাঁকো দুলে দুলে সময় কাটায় ।
কর্মময় কোলাহল ,উপনিষদের পাতা পার হয়ে
নিষ্ঠুরতা পার হয়ে , কাকডাকা ভোরে
শোকগান গায় ।
শোকগাথা পড়া চলতেই থাকে ।
চেরাপুঞ্জির বিকেল
এই তো প্রথম দেখা হলো
এতো কাছে ,শ্বাসের নিকটে এসে দাঁড়ালাম ।
একা মানুষ স্বীকারোক্তির জন্য যেভাবে প্রান্তরে দাঁড়ায়
উন্মোচন করে ব্যর্থতার কথোপকথন
কালশিরে পরাজয়-----
মায়াআলোর অস্পষ্টতায় সেখানেই দাঁড়ালাম ।
ক্রমাগত বাগান ও বাড়ি,নারী ও সম্পদ অন্ধকারে ডুবে যায়। পরী হয়ে মেঘ উড়ে আসে ঠোঁটের উপর,চোখের পাতায় ।
এই তো প্রথম স্পর্শ , আশ্চর্য নীরব,
শরীর ও চেতনায় ।


Comments
Post a Comment