ক বি তা প স ও ঝা


 তাপস ওঝা 

জন্ম:- বীরভূম জেলার দুবরাজপুরে। ১৯৫৪ খ্রিস্টাব্দে। তরুণ বয়সেই জড়িয়ে পড়া মানসলোক পত্রিকার সঙ্গে। সামান্য পরে সেই পত্রিকার সম্পাদনার কাজেও হাত লাগান। লিখতে শুরু করেন বাংলার বিভিন্ন পত্র-পত্রিকায়। কুড়ি বছর বয়সে কলকাতায় চলে আসেন। লেখালেখির বৃত্ত কিছুটা বড় হয়। বিভিন্ন দৈনিক পত্রিকাগুলিতেও লিখতে শুরু করেন। এখন পর্যন্ত পাঁচটি কবিতার বই প্রকাশিত হয়েছে।


দুটি কবিতায়

কবি তাপস ওঝা


মোহ 


কথক মানুষ অনায়াস ক্ষমতায়

হাওয়ার আবরণ সরিয়ে ফেলে -

ঠাট বজায় রাখতে দেয় না 

নিন্দে-করা লোকজনদের।

কথক মানুষ গাছের সঙ্গে গাছের ছায়ার

                                 ঝগড়া লাগিয়ে দেয় 

বিশেষ কারণে।


আমি তৃতীয় শ্রেণীর ম্রিয়মাণ মানুষ

গুছিয়ে-টুছিয়ে রাখি

সেইসব সাজানো কথার ঝুড়ি।

কেন যে গুছিয়ে রাখি- নিজেই জানি না।


সর্বনাশের আশায় 


আমার আয়-ব্যয়ের হিসেব

যে খাতায় লেখা ছিল -

খুঁজে পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না।

পয়সা রাখার ঝোলাটাও হারিয়ে ফেলেছি !

গ্রামের মানুষগুলি আমার এই হারিয়ে ফেলার

গল্পগাছা বিশ্বাস করেনি।

চিন্তা বেড়ে যাচ্ছে শুধু আমার,

মন খারাপ হয়ে যাচ্ছে শুধু আমার!


আমি এবার নিজেকে হারিয়ে ফেলব।

জানি, আমিটা হারিয়ে গেলে

গাঁয়ের মানুষগুলি খুঁজতে বেরবে !

তারা খুঁজবে -

আমার আয়-ব্যয় লেখার খাতা,

আমার পয়সা রাখার ঝোলা

এবং আমাকেও।


Comments

Popular posts from this blog

ক বি লি পি চৌ ধু রী

ক বি-অ নু বা দ ক স প্ত র্ষি রা য়

ক বি প বি ত্র ম ন্ড ল